ফরিদগঞ্জে যুবলীগ নেতা আটক
- আপডেট সময় : ০৬:০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক যুবলীগ নেতার আটকের ঘটনা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে আয়োজিত একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে শারাফাত হোসেন কাজী রিমেল (২২)কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী রিমেলকে আটক করে ফরিদগঞ্জ থানা-পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রের ভাষ্য, সম্প্রতি ফরিদগঞ্জ পৌর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলে রিমেলের উপস্থিতি ও অংশগ্রহণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে শনিবার সকালে তাঁকে আটক করেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে পুলিশ তাঁকে গত ১৩ আগস্ট ফরিদগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় (মামলা নম্বর-১৭/২০২৬) গ্রেপ্তার দেখায়। দুপুরে তাঁকে চাঁদপুরের আদালতে পাঠানো হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে জড়িত থাকার অভিযোগে এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শারাফাত হোসেন কাজী রিমেলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিমেল ফরিদগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি পিংকু কাজীর ছেলে।










