জামিনের আবেদন করতে গিয়ে কারাগারে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা
- আপডেট সময় : ০২:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামিনের আবেদন করতে গিয়ে কারাগারে যেতে হয়েছে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান খলিল ও যুবলীগ নেতা সোহেল হোসেন রাজুকে। সোমবার (১৯ অক্টোবর) চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে তাঁদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতা ও সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান খলিল এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন রাজু সোমবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বলে আদালত সূত্রে জানা যায়।
শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামছুন্নাহার তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাঁদের তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় খলিলুর রহমান খলিল আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিন পেয়েছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি স্থায়ী জামিনের আবেদন নিয়ে সোমবার চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে দেন। একই মামলার প্রক্রিয়ায় সোহেল হোসেন রাজুকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় মর্মে মামলার বিবরণী থেকে পাওয়া যায়।
খলিলুর রহমান খলিল ফরিদগঞ্জ পৌরসভার সাহাপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল আউয়ালের ছেলে। অপরদিকে, সোহেল হোসেন রাজু উপজেলার প্রত্যাশী গ্রামের মৃত সুফিয়ান মিয়ার ছেলে।
আদালতের নির্দেশনার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পুলিশ তাঁদের চাঁদপুর জেলা কারাগারে নিয়ে যায়।










