ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, মোবাইল কোর্টে সাজা
- আপডেট সময় : ১০:৫০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

মাদকের বিস্তার রোধে ফরিদগঞ্জে ফের সক্রিয় হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার এসআই (নিঃ) মো. রাকিবুল হাসান, এসআই (নিরস্ত্র) আতাউর রাব্বী ও এসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) এ,আর,এম জাহিদ হাসান।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন-মো. হোসেন (২২), পিতা-মৃত খোরশেদ আলম, সাং-খাজুরিয়া; এমরান শেখ (৪৪), পিতা-আ. মান্নান শেখ; মো. সফিক (৪০), পিতা-ছাত্তার গাজী, উভয় সাং-ভাটিয়ালপুর; শরিফ খান (২৭), পিতা-মৃত মোখলেছ খান, সাং-পূর্ব গোবিন্দপুর, থানা-ফরিদগঞ্জ এবং মো. মিরাজ খান (২৩), পিতা-ইব্রাহিম খান, সাং-পূর্ব গুলিসা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজা শেষে তাদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, মাদকদ্রব্যের অবাধ বিস্তার একটি এলাকার সামাজিক পরিবেশ ও তরুণ প্রজন্মের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের সংস্পর্শে জড়িয়ে পড়লে এর প্রভাব পরিবার ছাড়িয়ে সমাজের ওপরও পড়ে। এ কারণে মাদকবিরোধী অভিযানকে নিয়মিত ও কার্যকর রাখার দাবি রয়েছে স্থানীয়দের মধ্যে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। পুলিশের দাবি, মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।
ফরিদগঞ্জ থানা পুলিশের এ অভিযানকে মাদকবিরোধী কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে মাদক নির্মূলে শুধু অভিযান ও শাস্তি নয়, পরিবারের সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।










