বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, বাজার এলাকা এবং উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন বিআরডিবি মাঠে আলোচনা সভা, শোভাযাত্রা ও দলীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিগুলোতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
দিবসটি উপলক্ষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. ইউনুছ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, মজিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা এবং তৃণমূল নেতাকর্মীদের অবদানের কথা তুলে ধরেন। তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের বিভিন্ন কর্মসূচির বিষয়েও আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে শরীফ মো. ইউনুছ বলেন, চাঁদপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের পরাজয়ের কারণ খতিয়ে দেখতে জেলা বিএনপির পক্ষ থেকে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। তিনি বলেন, “দলের স্বার্থে সত্য উদঘাটন জরুরি। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলের ক্ষতির কারণ হয়েছেন, তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আত্মসমালোচনার মাধ্যমেই দল আরও শক্তিশালী হবে।”
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।
অপরদিকে একই সময়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের বিআরডিবি মাঠে পৃথক কর্মসূচির আয়োজন করেন চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের অনুসারী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লায়ন মো. হারুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দীন বাবর। এছাড়া বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টিপুসহ স্থানীয় বিএনপি নেতারা।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের অবদানের কথা স্মরণ করেন। তারা আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচিগুলোতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ দলটির সাংগঠনিক সক্রিয়তার বহিঃপ্রকাশ হিসেবে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে বিভিন্ন বক্তার বক্তব্যে দলীয় মূল্যায়ন, আত্মসমালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে যে আলোচনা উঠে এসেছে, তা আগামী দিনে ফরিদগঞ্জের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক মুহাম্মাদ আল আমীন সাইফ
যোগাযোগ ০১৯৭৭৮০০৬৭৬
চাঁদপুর মিডিয়া