ফরিদগঞ্জে মোহাম্মদ মিজি নামে এক ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ মিজি (২২) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের আশ্রাফ আলী মিজি বাড়ির আবুল কালাম আজাদের ছেলে।
ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরও সংগঠনটির কার্যক্রম পুনর্গঠন এবং সরকারবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে মোহাম্মদ মিজির বিরুদ্ধে। এলাকায় নাশকতার পরিকল্পনা প্রতিরোধের অংশ হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে একই ধরনের অভিযোগে গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা সোহাগ তাঁর বোনের জামাই বলে জানা গেছে। কয়েক দিন আগে তাঁকেও গ্রেফতার করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমীন তালুকদার জানান, সরকারবিরোধী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মোহাম্মদ মিজির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় মর্মে তিনি আরও জানান।
প্রকাশক ও সম্পাদক মুহাম্মাদ আল আমীন সাইফ
যোগাযোগ ০১৯৭৭৮০০৬৭৬
চাঁদপুর মিডিয়া