সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ‘নো অর্ডার’ দিয়ে নিষ্পত্তি করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। ফলে এ মামলাসহ অন্যান্য মামলায় জামিন থাকায় কারাগার থেকে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে বনানী থানার হত্যা চেষ্টা মামলায় খায়রুল হকের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হয়।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মোতাহার হোসেন সাজু। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে কোনো আদেশ দেননি চেম্বার আদালত। এর ফলে হাইকোর্টের জামিনের আদেশ বহাল রয়েছে।
এর আগে গত ১০ আগস্ট বনানী থানার এ মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
এদিকে, গত ২ জুলাই যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায়ও খায়রুল হকের জামিন বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোয়াইব নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়।
এ ছাড়া তার বিরুদ্ধে দায়ের হওয়া আরও সাতটি মামলায় তিনি এরই মধ্যে জামিন পেয়েছেন। সর্বশেষ বনানী থানার মামলায়ও হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকায় সব মামলায় জামিন নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, সব মামলায় জামিন বহাল থাকায় সাবেক এই প্রধান বিচারপতির কারামুক্তিতে বর্তমানে আর কোনো আইনি বাধা নেই।
প্রকাশক ও সম্পাদক মুহাম্মাদ আল আমীন সাইফ
যোগাযোগ ০১৯৭৭৮০০৬৭৬
চাঁদপুর মিডিয়া